
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম অস্ত্রোপচার শেষে নিবিড় কুমারকে ১৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন হাসপাতালের চিকিৎসকেরা। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিবিড় কুমার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও একই দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিবিড় চালকের আসনে ছিলেন। খবর সিবিসি নিউজের। কানাডার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিহত তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্ত। তবে কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যম হতাহত শিক্ষার্থীদের কোনো নাম-পরিচয় প্রকাশ করেনি। অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তাঁরা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় তাঁরা টরন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁর বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।


